জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা ১৭ বছর বয়সী কিশোরীর ওপর তার বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ