নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি। ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ অর্থের ব্যবহার কমাতে ব্যাংকটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতন করে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় দুদিন ব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। তিনি আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধার দিকগুলো তুলে ধরেন এবং গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো: রকিবুল ইসলাম এবং রিজোনাল ইনচার্জ (এডিসি) মো: ফজলে রাব্বীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর (QR) কোড ব্যবহারের মাধ্যমে লেনদেনের সহজ ও নিরাপদ পদ্ধতিগুলো সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে ক্যাশলেস সেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
দৈনিক চেতনার কন্ঠ