নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুন) গভীর রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তানভির হোসেন রনি নামে এক উদীয়মান তরুণ উদ্যোক্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলদিরটেক গ্রামের বাসিন্দা তানভির হোসেন রনি প্রায় ১০০ শতাংশ জলাশয় লিজ (ভাড়া) নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ঋণ করে মৎস্য চাষ শুরু করেছিলেন। তিনি ওই পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া ও পুঁটিসহ বিভিন্ন দেশি ও বিদেশি জাতের মাছের চাষ করছিলেন। মাত্র এক মাস আগেই তিনি পুকুরে নতুন করে প্রায় ৫ লাখ টাকার পোনা মাছ ছাড়েন। কিন্তু রোববার (৭ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে রনিকে খবর দেন।
কান্নাজড়িত কণ্ঠে তানভির হোসেন রনি বলেন, "আমি অনেক স্বপ্ন নিয়ে ধার-দেনা করে এই ব্যবসাটা শুরু করেছিলাম। গত মাসেই ৫ লাখ টাকার মাছ পুকুরে ছেড়েছি। কেউ শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। কারা এই নির্মম কাজটি করেছে আমি এখনো জানি না, তবে আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই"।
এ বিষয়ে পলাশ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, তিনি সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। তিনি বলেন, "আগামীকাল সোমবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে"।
একজন তরুণ উদ্যোক্তার সাথে এমন শত্রুতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
,
দৈনিক চেতনার কন্ঠ